জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে জোরেশোরে প্রচারণা চালাতে শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আগামী ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সাথে গণভোটের ভোটগ্রহণও করা হবে।
প্রধান উপদেষ্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেইজে গণভোটের ‘হ্যাঁ’- তে সিল দিন এ রকম একটি ফটোকার্ড শেয়ার করার পাশাপাশি ভিডিও চিত্রেও জনগণকে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানিয়ে বক্তব্য তুলে ধরা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত এই ভিডিওচিত্রে, জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী, নিহতদের পরিবারের সদস্য, গুম কমিশনের সদস্যের বরাতে ‘হ্যাঁ’ ভোট কেন দিতে হবে সেটির ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।
একইসাথে ‘হ্যাঁ’ ভোট দিলে কী পাওয়া যাবে সেটির বিস্তারিত উল্লেখ করে, ‘না’ ভোট দিলে কিছুই পাওয়া যাবে না এমন প্রচারণাও চালাচ্ছে অন্তর্বর্তী সরকার।
এমনকি ব্যাংক কর্মকর্তা, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের গণভোটে ‘হ্যা’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে নির্দেশনা জারি করা হয়েছে।
যেখানে অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব নিরপেক্ষভাবে একটি নির্বাচন আয়োজন করা, সেখানে গণভোটে একটি পক্ষে প্রচারণা চালানোয় কি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে?
বিশ্লেষকরা মনে করছেন, সরকার একটি নির্দিষ্ট পক্ষ বা অবস্থান নিলেও নির্বাচন কমিশন শুধুমাত্র গণভোটের বিষয়বস্তু এবং কিভাবে ‘ হ্যাঁ ‘, ‘ না ‘ ভোট দেওয়া যাবে সেই নির্দেশনা দিয়ে নিরপেক্ষ অবস্থানে রয়েছে।
কিন্তু নির্বাচনকালীন সময়ে নির্বাচনের দায়িত্বে থাকা ডিসি, ইউএনও যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন, তারা এই প্রচারণা করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করেন বিশ্লেষকরা।
গণভোটে তাদের অবস্থানের কারণে জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়বে এবং আইনানুযায়ী শাস্তির মুখেও পড়তে পারেন বলে জানান সংবিধান ও আইন বিশেষজ্ঞরা।
এদিকে, সরকারের এমন প্রচারণা চালাতে আইনি বাধা নেই বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করলেও আইন বিশেষজ্ঞরা মনে করেন, আপাতদৃষ্টিতে আইনি বাধা না থাকলেও অতীতের অন্যান্য প্রশ্নবিদ্ধ নির্বাচনের মতো এই নির্বাচনও এর ফলে ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি মূলত চারটি প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে।
এগুলোর মধ্যে প্রত্যেক ভোটারকে জুলাই সনদের আলোকে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনের মতো অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দুই কক্ষবিশিষ্ট আগামী সংসদ হবে এমন প্রশ্নের উত্তর দিতে হবে।
এছাড়াও যে ৩০ প্রস্তাবে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে ঐকমত্য হয়েছে, সেগুলোর বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী অন্যান্য সংস্কার বাস্তবায়নের বিষয়েও ভোটারদেরকে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে হবে।
এদিকে, এসব প্রশ্নেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণার অংশ হিসেবে জনসচেতনতা তৈরির চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার।
যে ১২টি বিষয় উল্লেখ করে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাচ্ছে সরকার সেগুলোর মধ্যে রয়েছে, যত মেয়াদই হোক কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও পিএসসি গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করা।
সরকার বলছে, ‘হ্যাঁ’ ভোট দিলে এই সবকিছু পাওয়া যাবে। তবে, ‘না’ ভোট দিলে কিছুই পাওয়া যাবে না বলে জানিয়েছে সরকার।
‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমন্বিত পদক্ষেপ গ্রহণে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে সরকার।
একইসাথে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সব ব্যাংকগুলো প্রচারণা চালাবে। এরই অংশ হিসেবে ব্যাংকের প্রতিটি শাখায় দুইটি করে ব্যানার টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের গণভোটে ‘হ্যা’ ভোটের পক্ষে জোরালো প্রচারণা চালাতে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
একইসাথে, জুমার খুতবায় আলোচনাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে ক্যাম্পেইন এবং পোশাক কারখানার সামনে ব্যানার প্রদর্শনের নির্দেশনাও দিয়েছে সরকার।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও গণভোটে ‘ হ্যাঁ ‘ ভোটের পক্ষে প্রচার চালাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এক অনুষ্ঠানে বলেছেন,”আসন্ন গণভোটে হ্যাঁ জয়ী হলে দেশে আর কখনও রাতের ভোট অনুষ্ঠিত হবে না।”
গত বছরের ১৩ই নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে।
এই প্রতিনিধিগণ একইসাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া, পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে।
সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। যার মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।
“জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে ” বলেও সেদিন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মি. মালিক বলেন, “নির্বাচনে হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয় তখন কেউ তো আদালতে যেতেও পারে। গিয়ে বলতে পারে নির্বাচনের এই অংশে সুষ্ঠু ভোট হয় নাই কারণ সরকার এর পক্ষে প্রচারণা চালিয়েছে। গণভোটে লেভেল প্লেয়িং ফিল্ড ছিলো না। নৈতিকভাবে সরকারের এর থেকে বিরত থাকাই উচিত।”
আবার সংসদীয় নির্বাচনে ভোটের হার বেশি হলেও সরকারের প্রচারণার কারণে গণভোটে জনগণের অংশগ্রহণের হার কম হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
যদি গণভোটে জনগণ ‘ না ‘ ভোট বেশি দেয় তবে এই সরকারের ভূতাপেক্ষ গ্রহণযোগ্যতা প্রশ্নের সম্মুখীন হবে বলে মনে করেন তিনি।
“সরকারের পক্ষে প্রচারণা সত্ত্বেও যদি গণভোটে অংশগ্রহণের হার সংসদীয় নির্বাচনের হারের চেয়ে কম হয় তখন তো এর আরো নৈতিক যুক্তি থাকবে না,” বলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী শাহদীন মালিক।
https://slotbet.online/