• নিবৃত্ত করা।

সোভিয়েত রণতরী ভারত মহাসাগরে অবস্থান নেয়ায় ভারতের মনোবল যথেষ্ঠ বৃদ্ধি পায়। এর ফলে আমেরিকা এবং চীন পাল্টা সামরিক ব্যবস্থা নেবার কথা চিন্তা করেনি।

সোভিয়েত ইউনিয়নের কূটনৈতিক সহায়তা

পূর্ব পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ১৯৭১ সালের ডিসেম্বর মাসের ৪ থেকে ৬ তারিখের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দীর্ঘ আলোচনা হয়। কিন্তু সে আলোচনায় আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং চীন একমত হতে পারেনি।

নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়ন বেশ শক্তভাবে ভারতের পক্ষে দাঁড়িয়েছিল। আমেরিকা চেয়েছিল ভারতের উপর চাপ প্রয়োগ করে পূর্ব-পাকিস্তানে যুদ্ধ বন্ধ করতে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন তাতে রাজী হয়নি।

এছাড়া পূর্ব-পাকিস্তানে যুদ্ধ বিরতি সংক্রান্ত প্রস্তাব নিরাপত্তা পরিষদে বারবার নাকচ করে দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন।

কারণ, সোভিয়েত ইউনিয়ন বুঝতে পেরেছিল যে পূর্ব-পাকিস্তানে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। যদি যুদ্ধবিরতি হয় তাহলে সেটি পাকিস্তানকে সহায়তা করবে এবং বাংলাদেশ আর স্বাধীন হতে পারবে না।

নিরাপত্তা পরিষদ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য সাধারন অধিবেশনে পাঠিয়ে দেয়।

সাধারন পরিষদের ভোটাভুটিতে পূর্ব পাকিস্তানে যুদ্ধ বন্ধের পক্ষে প্রস্তাব পাশ হয়। এর পক্ষে ভোট দিয়েছিল ১০৪টি দেশ। অন্যদিকে বিপক্ষে ভোট দিয়েছিল ১১টি দেশ। যার মধ্যে ছিল ভারত, সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের দেশগুলো।

কিন্তু সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সাধারণ পরিষদের কোন ক্ষমতা নেই। কোন একটি প্রস্তাবের ওপর সাধারণ পরিষদ শুধুই বিতর্ক এবং ভোটাভুটি করতে পারে। কিন্তু সেটি মেনে চলার কোন বাধ্যবাধকতা কারও নেই।

জাতিসংঘে চীনের এবং সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধির মধ্যে তীব্র বাদানুবাদ হয়।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, সোভিয়েত আধিপত্যবাদের কারণে ভারত পূর্ব পাকিস্তান আক্রমণের সাহস করেছে। যদি সোভিয়েত ইউনিয়নের সমর্থন না থাকতো তাহলে ভারত এ কাজ করতে পারতো না।

অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি বলেন, জাতিসংঘের এই ফোরামকে সোভিয়ত ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা এবং সোভিয়েত-বিরোধী কাজে ব্যবহার করছে চীন।

১৫ই ডিসেম্বর নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়নের সমর্থনে পোল্যান্ড একটি প্রস্তাব তুলেছিল।

পাকিস্তানের প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো পোল্যান্ডের প্রস্তাব সম্বলিত কাগজ ছিড়ে টুকরো-টুকরো করে নিরাপত্তা পরিষদ থেকে বেরিয়ে আসেন।

এই প্রস্তাবের অন্যতম বিষয় ছিল – যুদ্ধবিরতি এবং পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানী সেনা প্রত্যাহার করা।

পোল্যান্ডের এই প্রস্তাবকে ‘আত্মসমর্পণের দলিল’ হিসেবে বর্ণনা করেন মি. ভুট্টো।

কিন্তু মি. ভুট্টো যখন নিরাপত্তা পরিষদে তার এই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন, ততক্ষণে পূর্ব-পাকিস্তানের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে।

আত্মসমর্পনের জন্য তৈরি হয়ে গেছে পশ্চিম পাকিস্তানী সৈন্যরা। দীর্ঘ নয় মাসের যুদ্ধের অবসান ঘটছে।

তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যদি ভারতে দৃঢ় সমর্থন না দিতো তাহলে এতো দ্রুত পাকিস্তানী বাহিনী আত্মসমর্পন করতো কিনা সেটি নিয়ে পর্যবেক্ষকদের মনে সন্দেহ আছে।